বাংলাদেশে ফ্রান্সের পণ্য বর্জন ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দাবী জানিয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হতে এই দাবী জানানো হয়। সমাবেশ শেষে ফ্রান্সের কটুক্তিকারী ম্যাক্রনের কুশ পুত্তলিকা দাহ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশে প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
চিতলমারী দারুল উলুম কওমী মাদ্রাসার মোহাতামিম পীর-এ-কামেল হযরত মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন চিতলমারী আলিয়া মাদ্রার সুপার মো. ইদ্রিসুর রহমান, মাওলানা কেরামত আলী, মাওলানা সাখাওয়াত হোসেন প্রমূখ। বিক্ষোভকারীদের মিছিল চিতলমারী সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। সমাবেশ শেষে বিশ্বের শান্তি কামনায় মুনাজাত করা হয়।