ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপি এই কর্মসূচির পালন করা হয়। এতে সাধারণ জনগণও স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ফ্রান্সের কুলাঙ্গাররা ব্যাঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে কটূক্তি করেছে। তারা একবার নয়, কয়েক বার রসুল (সাঃ) কে নিয়ে কটূক্তি করেছে। আমাদের রাসুল (সাঃ) কে কতটা ভালোবাসি, আমরা রক্ত দিয়ে প্রমাণ করবো। আমাদের বিশ্ব নবী (সাঃ) কে নিয়ে কুটক্তি করা হলে আমরা ঘরে বসে থাকবো না। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কটুক্তিকারীদের বিশ্ববাসীর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়েছে। একই সাথে সে দেশের অর্থনীতি দূর্বল করে দিতে বিক্ষোভ সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) একই দাবিতে একই স্থানে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন সমাবেশ করে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘ।