যশোর জেলার মনিরামপুরের পল্লীতে শিশু কিশোরদের খেলাধূলার একমাত্র সাথী হয়ে পড়েছে বঁড়শি (ছিপ) দিয়ে মাছ শিকার। করোনা ভাইরাস পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা বাড়িতে পড়া-লেখার পাশাপাশি অবসর সময়ে খেলাধূলার সঙ্গী হিসেবে বঁড়শি দিয়ে মাছ শিকারের কাজে ব্যস্ত সময় পার করছে। প্রাচীন ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তাদের কাছে মাছ শিকারের এ বিষয়টি খুবই মজার ব্যাপার বলে জানা গেছে।
মনিরামপুর উপজেলা দেশের অন্যতম একটি বৃহত্তম উপজেলা। এ উপজেলায় ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার অন্তত: ৬ লক্ষ মানুষের বসবাস এখানে। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের নীল ছোবলে সারা বিশ্বের ন্যায় থমকে গেছে এ উপজেলাবাসীর জীবনযাত্রা। বিশেষ করে কিন্ডার-গার্ডেন, স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিশু কিশোররা প্রায় ৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কিছুটা আনন্দ পেতে শিশু কিশোররা তাদের অভিভাবকের অনুমতিক্রমেই সকাল-দুপুর কিংবা পড়ন্ত বিকেলে বের হচ্ছে ঘরের বাইরে। এই সময়টিতে তারা বাড়ির অদুরে কোন ডোবা-নালা, খাল, কুড়, বিল ও নদীতে বঁড়শি দিয়ে (ছিপে) মাছ শিকারে মেতে উঠেছে। সাধারণত বর্ষা মৌসুমের পর খাল-বিল, নদী-জলাশয়ে পানি কম হওয়ার সাথে সাথে এই দৃশ্য চোখে পড়ে।
উপজেলার লাউড়ী ও ধলিগাতী বিলে সরেজমিন গেলে দেখা যায়, স্থানীয় শিশু কিশোররা ওই বিলের পানিতে বড়শি’তে মাছ শিকারে খুব মেতে উঠেছে। প্রতিটি বড়শি’তে দেশি পুঁটি, কই, পাবদা, টেংরা আবার কোন কোন সময়ে তেলাপিয়া ও ছোট ছোট রুই মাছ ধরা পড়ছে। উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ফয়সাল হোসেন জানায়, বড়শি’তে মাছ ধরা (শিকার) খুবই আনন্দদায়ক একটি বিষয়।
তার সাথে আসা ৪র্থ শ্রেণীর ছাত্র রিফাত হোসেন, রফিকুল ইসলাম, কিন্ডার গার্ডেন কেজিতে পড়-য়া ছাত্র আল আমিন, ২য় শ্রেণীর ছাত্র রহমত আলী, ৫ম শ্রেণীর ছাত্রী নুসরাত, আরাফাত হোসেন এবং ৭ম শ্রেণীর ছাত্র রিপন হোসেন জানায়, স্কুল বন্ধ থাকায় ক্লাসের পাশাপাশি অবসর সময়ে তারা সহপাঠীদের সাথে খেলাধূলার সুযোগ হারিয়ে ফেলেছে। যে কারণে সকাল-দুপুরে বাড়িতে পড়া-লেখা শেষে আমরা প্রায়ই বিকেলে বঁড়শি নিয়ে মাছ ধরতে (শিকারে) আসি।
মনিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোতাহার হোসেন বলেন, বড়শি’তে মাছ শিকার একটি শখের কাজ এবং আনন্দদায়ক বিষয়। তাঁর ভাষ্যমতে, প্রাচীনকাল থেকেই গ্রাম-মহল্লার ছোট-বড় সকল শ্রেণী পেশার অধিকাংশ মানুষ শখের বসে এ কাজে অভ্যস্থ। তিনি আরও বলেন, এ বছর খাল-বিলে দীর্ঘ সময় পানি জমে থাকায় জাল এবং বড়শি’তে মাছ ধরার আনন্দ উপভোগ করছে।