রাজশাহীর মোহনপুরে পূব শত্রুতার জের ধরে রাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে লোহার রড দিয়ে বেদম মারপিটের পর হত্যার উদ্দেশ্যে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর মেয়ে বাদি হয়ে গত বুধবার রাতে বাব-বেটাকে আসামি করে মোহনপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা পর রাতে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন বাবু (৩০) গ্রেপ্তার করে।
থানায় মামলা ও আহত গৃহবধূ কাজল রেখার পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর রাত সাড়ে ৮ টার সময় উপজেলার কালিগ্রাম খেজুরা গ্রামের আবদুস সামাদের বাড়ি ঢুকে শনখেজুর গ্রামের আশরাফ আলী (৫০) ও তার ছেলে দেলোয়ার হোসেন বাবু (৩০)। প্রথমে তারা লোহার রড দিয়ে গৃহবধূ কাজল রেখা (৪০) মারপিট করে। তারপর বাবা আশরাফ আলীর হুকুমে ছেলে দেলোয়ার হোসেন বাবু ধারালো হাঁসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে গৃহবধূর মাথায় কুপিয়ে জখন করে। তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ওই গৃহবধূর মেয়ে গত বুধবার রাতে মোহনপুর থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই রাতেই মোহনপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, থানায় মামলা দায়েরের পর একজন আসামিকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।