কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের কিছু অংশ এবারের বর্ষায় নদী ভাঙনের ফলে রাস্তাসহ বেশ কিছু বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তা না থাকায় সর্ব সাধারণ সাইকেল মোটর সাইকেল নিয়ে বাড়ির উঠান দিয়েই দিন রাত চলাচল করছেন। এতে বাড়ির মালিকগণ পড়েছেন বিপাকে, ভোগছেন নিরাপত্তাহীনতায়।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, উপজেলার জালালপুর এবং লোহাজুরী ইউনিয়নের জনগুরুত্বপূর্ন রাস্তাটি এবারের বর্ষা মৌসুমে ভাঙনের ফলে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তাটি দিয়ে দুই এলাকার স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ সর্ব সাধারণ যাতায়াত করে থাকে। রাস্তা না থাকায় অল্পের জন্য রক্ষা পাওয়া তাজুল ইসলামের বাড়ির আঙিনা দিয়ে সাধারণ মানুষ সাইকেল, মোটরসাইকেল, গরু ছাগল নিয়ে চলাচল করছে। তার নিজের ও আশপাশের বাড়ির বউ, ঝিদের চলাফেরা খাওয়া দাওয়া গোসল নিয়ে হীনমন্যতায় দিন পার করছেন এলাকার বেশ কয়েকটি পরিবারের লোকজন।
বাড়ির মালিক তাজুল ইসলাম জানান, রোববার সকালে আমার চার বছরের ছোট ছেলে জুনায়েদ উঠানে খেলা করছিল। একজন সাইকেল চালক উঠান দিয়ে যাওয়ার সময় আমার ছেলের পায়ের উপর লাগিয়ে দেয়। এতে সে আহত হয়। উঠান দিয়ে দিন রাত মানুষ চলাচল করে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভোগছি। ঘরে বউ,ঝি আছে। কয়েকটি গরু ছাগলও আছে। চুরি ডাকাতির আশংকায় ভোগছি। তাই দিনে কোন কাম কাজ না করে ঘুমাই এবং রাত জেগে পাহারা দেই। দ্রুত রাস্তা পুন:নির্মানের কাজ শুরু না হলে আমার বাড়ির আঙিনা দিয়ে সর্বসাধারণের চলাচল বন্ধ করে দিবো।
এলাকার রিকশা চালক শাহজাহান ও নজরুল বলেন, রাস্তা না থাকায় রিকশাও চালাতে পারছিনা। জমি জমা যা ছিল নদীতে বিলীন হয়ে গেছে। রিকশা চালিয়ে কোন রকম সংসার চালাতাম। রাস্তা না থাকায় এখন বেকার সময় কাটছে। স্ত্রী সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি। নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া রাস্তাটি দ্রুত পুন:নির্মানের দাবী জানাই।
দশপাখি গ্রামের অহিদুজ্জামান (৬০) বলেন, চরপুক্ষিয়া গ্রামের একজন গৃহস্থের নিকট থেকে একটি গরু কিনেছি। বাড়ির উঠান দিয়ে যেতে না দিলে ৭কি.মি. রাস্তা ঘুরে বাড়ি যেতে হবে। তাই বাড়ির ভিতর দিয়েই যেতে হচ্ছে। রাস্তাটি দ্রুত পুন:নির্মানের দাবী জানাই।
চকবাজার দক্ষিণ গ্রামের মমিন মিয়া (৭৫) মেয়ে নাতি নিয়ে বাড়ি যাচ্ছেন। কিন্তু রাস্তা না থাকায় অটো থেকে নামিয়ে দিয়েছে। এখন পায়ে হেটে বাড়ি যাচ্ছি। রাস্তাটি দ্রুত পুন:নির্মানের দাবী জানান তিনি।
লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঞা রতন বলেন, সর্বসাধারনের চলাচলের জন্য ৬০ফুট বাঁশের বেড়া তৈরীর কাজ চলছে। দ্রুতই সর্ব সাধারণের চলাচলের ব্যবস্থা করে দেয়া হবে।
লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি বলেন, নদী খননের সময় ভাঙন এলাকা ভরাট করার কথা ছিল। কিন্তু তা না করায় এলাকার রাস্তা ঘাট বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর অপর পারে জেগে উঠা চরের অংশ খনন করে ভাঙন ভরাট করে রাস্তা এবং ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবী জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি দ্রুত পুন:নির্মানের ব্যবস্থা নেয়া হচ্ছে।