বগুড়ার শহরতলী সাবগ্রাম হাট দুর্গা মন্দিরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম সুব্রত ওরফে সম্রাট দাস (২৭)। তার বাড়ি সাবগ্রাম পালপাড়ায়। বাবার নাম কালিপদ দাস।
পুলিশ জানায়, রোববার রাত ১টার দিকে সম্রাট মন্দিরে যান। প্রতিমা দর্শন শেষে বের হওয়ার সাথে সাথে মন্দির চত্তরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আত্মরক্ষার্থে সম্রাট মন্দির চত্বরে একটি টিনের ঘরে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা সেখান থেকে তাকে টেনে হেচড়ে বের করে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনার পর পরই এলাকায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু জড়িতদের পাওয়া যায়নি। নিহত সম্রাটের নামে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।