ইলিশ মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার সুজানগর সংলগ্ন পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করায় গত শনিবার সন্ধ্যা রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে সুজানগর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ। এ সময় মৎস্যজীবীদের কাছ থেকে ৪০হাজার মিটার কারেন্ট জাল ও ১৫কেজি কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
জানা যায়, কতিপয় অসাধু সমৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীর সাতবাড়ীয়া, রইপুর এবং নাজিরগঞ্জসহ ৬/৭টি পয়েন্টে ইলিশ মাছ শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) সাইফুল ইসলাম পৃথক, পৃথকভাবে অভিযান পরিচালনা করে ওই সকল মৎস্যজীবীকে গ্রেফতার এ্বং কারেন্ট জাল ও মাছ উদ্ধার করেন। পরে গেফতারকৃত মৎস্যজীবীদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন। উদ্ধারকৃত জাল নদীপাড়ে পুড়িয়ে ফেলানোর পাশাপাশি উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।