রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত শারীরিক প্রতিবন্ধি প্রশিক্ষণ কেন্দ্রের (পিএইচটি) তত্বাবধায়ক ও সহকারী পরিচালক সিদ্দিকা সোহেলি রশীদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। করোনাকালীন সময়ে গড়ে ২০ জনের কম নিবাসী উপস্থিত থাকলেও ৮০ জনকে উপস্থিত দেখিয়ে তার ব্যয় বাবদ ৯ লাখ ৬৭ হাজার টাকা বিল করে ঠিকাদারকে দেয়া হয়েছে। এই প্রতিষ্ঠানে খাদ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে মেসার্স মিজবাহ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত ২১ এপ্রিল মিজবাহ এন্টারপ্রাইজের দেয়া একটি বিলের ভাউচারে দেখা গেছে, সেখানে মার্চ মাসে ৮০ জন নিবাসীর জন্য খাবার সরবরাহ করার কথা উল্লেখ করা হয়েছে। একই তারিখে মিজবাহ এন্টারপ্রাইজকে দেয়া পিএইচটির তত্বাবধায়ক সিদ্দিকা সোহেলি রশীদ স্বাক্ষরিত একটি বিলে ১লক্ষ ৬৩ হাজার ৫শ’ টাকার একটি বিল পুনরায় কাটাছেঁড়া করে ২ লক্ষ ৬৩ হাজার ১শ’ ৬ টাকা করা হয়েছে বলে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
একই ভাবে গত ২৫ মার্চ ২০২০ থেকে ১৫ আগস্ট ২০২০ পর্যন্ত সময়ের মধ্যে প্রতিমাসে গড়ে ৮০ জন নিবাসীকে নিয়মিত উপস্থিত দেখিয়ে প্রায় ৯ লক্ষ ৬৭ হাজার টাকার অনিয়ম করে এই সময়ে বরাদ্দকৃত অর্থ বিল করে উঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের আরেক সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ।
তিনি বলেন, এই অনিয়ম করতে গিয়ে সিদ্দিকা সোহেলি রশীদ বরাদ্দ রেজিস্ট্রারের বিভিন্ন জায়গায় কাটাকাটি ও ঘষামাজা করেছেন। এ ছাড়া অডিটকালীন কোটেশনগুলোতে নিয়ম মেনে রেজুলেশন করা হয়নি বলেও জানান তিনি। এই সময়ে দেখা গেছে, ২৫ মার্চের পর সাধারণ ছুটিকালীনও নিবাসীদের হাজিরা খাতায় উপস্থিত দেখানো হয়েছে। করোনা সময়ে নিবাসীদের পোষাকসহ নিত্য প্রয়োজনীয় কয়েকটি জিনিসের বিল দেয়া হলেও তা সরবরাহ করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৩ সেপ্টেম্বর রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ স্বাক্ষরিত অডিট রিপোর্টে এসব অনিয়মের কথা উল্লেখ করে অনিয়ম বন্ধে কিছু সুপারিশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পিএইচটি তত্বাবধায়ক সহকারী পরিচালক সিদ্দিকা সোহেলি রশীদ মুঠোফোনে জানান, ‘সবকিছু নিয়ম মেনে করা হয়েছে, কোথাও কোনো অনিয়ম করা হয়নি। যারা অভিযোগ তুলেছেন তারাই মিথ্যাচার করছেন। বিষয়টির ব্যপারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের উচিত দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।