যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় যশোর জেলার আরো ১১টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। বৃহস্পতিবার সকালে যবিপ্রবি থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।
এই নিয়ে যশোর জেলায় মোট ৪,০৬৩ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ৪৮ জন। আর সুস্থ হয়েছেন ৩,৮৭৯ জন।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, তাদের ল্যাবে যশোর ও মাগুরা জেলার মোট ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এদিন যশোর জেলার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১টি পজেটিভ হয়েছে। আর মাগুরার ৪৩টি নমুনা পরীক্ষা করে ১টি পজেটিভ পাওয়া গেছে। পরীক্ষা সংক্রান্ত ফলাফল সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।
এদিকে, দুর্গাপূজা ও ল্যাব জীবাণুমুক্ত করার জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেনোম সেন্টারে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা পরীক্ষা বন্ধ থাকবে।