কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ-নির্বাচনে মোঃ লোকমান মিয়া মোরগ প্রতীকে ১১৫৩ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নাজমুল আলম ফুটবল প্রতীকে ৭৬০ ভোট পেয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ সিহাব উদ্দিন স্বাক্ষরিত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) জালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে চৌদ্দশত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য ভোট কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সদরের সহকারী কমিশনার (ভূমি) সাগুপ্তা হকের নেতৃত্বে পুলিশ, র্যাব, আনসার, বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সদর উপজেলার মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার এন এম বদরুজ্জামান তালুকদার প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচন পরিদর্শন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদির মিয়াসহ উপজেলা পর্যায়ের বিভাগীয় অফিসারগণ।
প্রসঙ্গত চৌদ্দশত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন মিয়া প্রয়াত হলে পদটি শুন্য হয়। সে পদে একটি মাত্র কেন্দ্রে উপ নির্বাচন হলেও মানুষের মধ্যে ছিলো বিপুল উৎসাহ উদ্দীপনা।