নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এবং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি পুরাতন ভবন অনিয়ম করে ভেঙ্গে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পেড়লী ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ বক্তব্য রাখেন কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি বাবুল মোল্যা, সরোয়ার হোসেন, আবদুস সালামসহ অনেকে।
সাবেক সভাপতি বাবুল মোল্যা অভিযোগ করে বলেন, নিয়ম-নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের পুরাতন ভবন বর্তমান কমিটি ভেঙ্গে ফেলেছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক তমজিদ হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা বলেন, নিয়মানুযায়ী বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলাম ডাকের মাধ্যমে ভেঙ্গে ফেলা হয়েছে। বিষয়টি শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অবগত আছেন।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা বলেন, পেড়লী এবং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দু’টিতে নতুন ভবন নির্মাণের জন্য নীতিমালা অনুযায়ী পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। অনিয়মের অভিযোগ ঠিক নয়।