ভৈরবের মেঘনা নদী থেকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার দায়ে ৫ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমান আদালত এই দন্ড প্রদান করেন।
এরআগে আজ সকালে মেঘনা নদীর পৌর এলাকার কালিপুর, আগানগর ইউনিয়নের টুকচানপুর ও খলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবদুল মোতালেব, ফারুক মিয়া, মজলু মিয়া, আবুল কাসেম ও সিজান মিয়া নামের ওই পাঁচ জেলেকে আটক করে উপজেলা মৎস্য বিভাগ পরিচালিত একটি টিম।
ভৈরব নৌ পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান। এ সময় নদীতে পেতে রাখা এক লাখ মিটার কারেন্টজাল এবং শিকার করা ১৯ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত জালগুলি ভ্রাম্যমান আদালতের নির্দেশে বিচারকের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলি উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া এতিমখানায় দেওয়া হয়।