শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১৪ টি দুর্গাপূজা মন্ডপে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের অর্থের চেক বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার রাত ৯ টায় প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।
ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, ফুলবাড়ী শাখা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দিনাজপুর শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কার্যকরী সদস্য প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা, পৌর শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, সাধারণ সম্পাদক জয় রাম প্রসাদ, মহেন্দ্র চন্দ্র সাহা প্রমুখ।
শেষে প্রধান অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি আনুষ্ঠানিকভাবে ১৪ টি পূজা মন্ডপের জন্য ৩০ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করেন। একই সাথে ব্যক্তিগত তহবিল থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অর্ন্তভূক্ত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত ৯ জন শিক্ষক-শিক্ষিকাকে দুর্গাপূজার উপহার স্বরূপ শাড়ী ও পাঞ্জাবী বিতরণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ সকল ধর্মের শান্তির আবাসভূমিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে বসবাসরত প্রত্যেক জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সকল ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেছেন। এদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, এদেশ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। এদেশে প্রত্যেক মানুষ যাতে স্বাধীনভাবে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।
পরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।