স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয় ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সম্পর্কে মিথ্যাচার করে যশোরে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে দলীয় নেতা-কর্মী সমর্থকের পাশাপাশি হাজারো নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়।
শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে (মনিরামপুর পৌরশহর) মানবন্ধনে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন রাস্তায় দাঁড়িয়ে চেয়ারম্যান নাজমা খানমের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শ্লোগান দেয়। এ সময় নেতা-কর্মীদের হাতে চেয়ারম্যান নাজমা খানমকে বয়কটসহ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র পক্ষে শ্লোগান সম্বলিত নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দেখা যায়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, জি.এম মজিদ, এস.এম আলা উদ্দীন, মনিরুজ্জমান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, মুরাদুজ্জামান মুরাদ, ফজলুর রহমান প্রমূখ।
মানবন্ধন শেষে দলীয় কার্যালয়ে প্রতিমন্ত্রী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য উপস্থাপন করে চেয়ারম্যান নাজমান খানমের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ করে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদল হাসান।