রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘমেয়াদী সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোতে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।
বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, “রোহিঙ্গাদের বিষয়ে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে সব দেশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করতে চাই আমি। এটা কেবল বাংলাদেশ সরকারের দায়িত্ব নয়, বৈশ্বিক অগ্রাধিকার।
“ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সব দেশের উচিত সঙ্কট সমধানে মিয়ানমার যাতে উদ্যোগী হয়, সেজন্য সমানভাবে স্পষ্টভাষী হওয়া।”
২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।
আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।
গত বছর দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরে ফিরতে রাজি হননি রোহিঙ্গারা।
রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশে অব্যাহতভাবে দাবি জানিয়ে এলেও মহামারীর মধ্যে গত কয়েক মাসে সে বিষয়ে কোনো উদ্যোগ নেই।
তবে কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকায় আছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা।
এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বে আরেকটি ‘দীর্ঘমেয়াদি’ জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম আলোচনায় থাকলেও বাংলাদেশ চায় রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর বিষয়ে জোর দিতে। ২২ অক্টোবর জয়েন্ট রেসপন্স প্রোগ্রামের আলোচনা হওয়ার কথা রয়েছে।