বিরলে পূর্বশত্রুতার জের ধরে মাহিবুল হাসান (১) নামের এক যুবককে হত্যা চেষ্টা করা হয়েছে। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহত ঐ যুবকের পিতা লতিফুল আলম। ঘটনাটি মঙ্গলবার দুপুরে উপজেলার ভান্ডারা ইউপি’র ভারাডাঙ্গী (খলিফাপাড়া) গ্রামে ঘটেছে।
থানায় দায়েরকৃত অভিযোগে লতিফুল আলম জানান, একই গ্রামের মতিবুর রহমানের পুত্র ফজলুর রহমান এবং নাতি সালমান পূর্ব শত্রুতার জের ধরে হাতে লোহার রড নিয়ে মাহিবুল হাসানকে জাপটিয়ে ধরে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে। এ সময় মাহিবুল হাসান চিৎকার করলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত ফুলা কালোশিরা জখম করা হয়। মারপিট দেখে প্রতিবেশিসহ পরিবারের লোকজন এগিয়ে এলে বিভিন্ন রকম ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে হামলাকারী পিতা-পুত্র পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় মাহিবুল হাসানকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐ দিনই ভর্তি করা হয়।
বুধবার বিরল থানার কর্মকর্তা ইনচার্জ অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, থানার এসআই নাজমুল ইসলামকে অভিযোগের তদন্তভার প্রদান করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।