দিনাজপুরের পার্বতীপুর শহরে কেন্দ্রস্থলে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালত ভ্রাম্যমান আদালত শহরের প্রেসক্লাব রোডের সরকারি অর্পিত সম্পত্তিতে সদ্য নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে জামান সু স্টোরের ব্যবসায়ী হাছানুজ্জামান, তার ভাই মোস্তাকিম সরকার, রাজমিস্ত্রী শাহিনুর আলম, ওবাদুল হক ও শফিকুল ইসলাম আটক করে। পরে, ভ্রাম্যমান আদালত সরকারি জমি দখল করার দায়ে হাছানুজ্জামান কে ৫০ হাজার, তার ভাই মোস্তাকিম সরকার কে ৫ হাজার, রাজমিস্ত্রী শাহিনুর আলম, ওবাদুল হক ও শফিকুল ইসলাম কে ১ হাজার টাকা করে সর্বমোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী। ভ্রাম্যমান আদালত চলাকালে পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক জুয়েল ইসলামসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নী বলেন, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মানের দায়ে ৫ ব্যক্তিকে ৫৮ হাজার টাকা জরিমানা ও ঘটনাস্থলে মজুদ নির্মান সামগ্রী জব্দ করা হয়।