দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাঞ্চল্যকর ব্যাটারি চালিত রিকশাভ্যান চালক হাছেন বাবু হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডের সঙ্গে জড়িত জুয়েল রানা (২০) নামের এক যুবককে আটক করেছে।
আটক জুয়েল রানা ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের সামসুল আলমের ছেলে এবং বলিভদ্রপুর এমএম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
থানা পুলিশ গত সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২ টায় ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুশলপুর খেলার মাঠ থেকে জুয়েল রানাকে আটক করে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাশেদুল আমিনের কাছে রিকশাভ্যান চালক হাছেন বাবুর হত্যাকান্ডের বিস্তারিত তথ্য দিয়ে হত্যাকান্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন আটক জুয়েল রানা। একই সাথে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বিস্তারিত তথ্য দিয়েছেন। পরে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাশেদুল আমিনের নির্দেশে জুয়েল রানাকে জেল হাজতে পাঠানো হয়।
এামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় বলেন, ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামের হাছেন বাবু গত ৮ অক্টোবর সকালে তার ব্যাটারি চালিত রিকশাভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ৯ অক্টোবর একই উপজেলার বড়নগর বলিভদ্রপুরে জুয়েলের কলাবাগান থেকে হাছেন বাবুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। একই দিন নিহত হাছেন বাবুর চাচা আবদুর রউফ মন্ডল বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৮। মামলাটি দায়েরের পর থেকেই ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছানের দিকনিদের্শনায় এবং থানার কর্মকর্তা ইনচার্জ ফখরুল ইসলামের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকারিকে শনাক্তসহ হত্যার সাথে জড়িত জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে।
আটক জুয়েল রানার উদ্ধৃতি দিয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, আটক জুয়েল রানাসহ হত্যাকান্ডের মূল হত্যাকারি নেশাগ্রস্ত ব্যক্তি। তারা নেশার টাকার জন্য এলাকায় ছোটখাটো চুরি করতেন। মোটা অংকের নেশার টাকা জোগারের পরিকল্পনা করেন জুয়েলসহ মূল হত্যাকারী। এরই অংশ হিসেবে গত ৮ অক্টোবর রাত ৮ টায় বিরামপুর যাওয়ার কথা বলে হাছেন বাবুর রিকশাভ্যান ভাড়া করেন জুয়েল। পড়ে বড়নগর বলিভদ্রপুর ভাটগাড়ি এলাকার জামিলের কলাবাগানের কাছে রিকশাভ্যান থামিয়ে হাছেন বাবুকে নেশা করার প্রস্তাব দেন জুয়েল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মূল হত্যাকারি সেখানে অবস্থান করছিল। তারা সকলেই এক সাথে কলাবাগানে গিয়ে নেশা গ্রহণ করেন। তবে হাছেন বাবু নেশা করেননি। এরই একপর্যায়ে হাছেন বাবু প্রস্রাব করার জন্য পাশের জমিতে বসেন। এ সময় মূল হত্যাকারি হাছেন বাবুকে পেছন থেকে কুড়াল দিয়ে কোপান। একপর্যায়ে সামনে থেকে গলায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তার রিকশাভ্যানটি নিয়ে বিরামপুরের দিকে পালিয়ে যায়। পরদিন ভ্যানটি বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে বিরামপুরের একটি গ্যারেজে ফেলে রেখে পালিয়ে যায় জুয়েল রানাসহ মূল হত্যাকারি। তবে মূল হত্যাকারিকে গ্রেফতারের জন্য সব ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে। খুব দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।