মুলাদীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে পিতা-পুত্রকে জখম করেছে প্রতিপক্ষরা। গত ১৩ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পৌরসদরের হিজলা-মুলাদী সেতুর পশ্চিম পাড়ে কাঁচা বাজার এলাকায় ইউনুছ হাওলাদারের নোমান স্টোরে এঘটনা ঘটে। হামলায় আহত ইউনুছ হাওলাদার জানান পার্শ্ববর্তী কাজিরহাট থানায় তার মায়ের জমি ক্রয়ের জন্য কাজিরহাটের ভংগা গ্রামের ফজলে করিম বেপারীর ছেলে হোসেন আলী বেপারী ৮০ হাজার টাকা বায়না দেন। পরবর্তীতে জমির মূল্য নিয়ে মতবিরোধের সৃষ্টি হলে ১৩ অক্টোবর শালিস বৈঠক বসে। ওই বৈঠকের মধ্যে কথার কাটাকাটির একপর্যায়ে হোসেন আলী বেপারীর নেতৃত্বে ১০/১২জন দুর্বৃত্ত রামদা, ড্যাগার ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ইউনুছ হাওলাদার ও তার পুত্র নোমানকে মারাত্নক আহত করে। এ সময় হামলাকারীরা দোকান থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে যায় এবং বিভিন্ন মালামাল ভাঙ্গচুর করে। পরে আহতদের ডাকচিৎকারে পাশ্ববর্তী দোকানের লোকজন এসে পিতা-পুত্রকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইউনুছ হাওলাদার বাদী হয়ে হোসেন আলী বেপারীসহ ১০/১২জনকে আসামি করে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার বেলা ১টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ মো. ফয়েজ উদ্দীন মৃধা জানান অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।