বরগুনার সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে যৌতুকের দাবীতে স্ত্রীর যৌনাঙ্গে দা,গরম করে ছ্যাঁকা দেয়া সহ শারীরিক নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য পনু (৪৫) কে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার মার্জিয়া আক্তার ছবির বাবা মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন সানু বলেন, বিয়ের পর থেকেই পনু যৌতুকের দাবীতে আমার মেয়েকে বিয়ের কয়েক মাস পর থেকেই শারীরিক নির্যাতন করে আসছে। এ পর্যন্ত ৫ লক্ষ টাকার উপরে যৌতুক নিয়েও আরও ২ লক্ষ টাকার দাবীতে প্রতিদিন নির্যাতন করে আসছে বলে জানান মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন সানু। গ্রামবাসী জানায়, পনু ও ছবির ছেলে রিদয় (২২) বাবার প্রশ্রয় একজন মাদকসেবী হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে ছবিকে দা'গরম করে যৌনাঙ্গে ছ্যাঁকা দেয় স্বামী ইউপি সদস্য পনু। ডাকচিৎকার শুনে লোকজন জড়ো হলে বাপ- ছেলের হুমকিতে থামাতে কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে শারীরিক নির্যাতন করে অজ্ঞান অবস্থায় উঠানে ফেলে রেখে গেলে মহিলারা উদ্বার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার ২ সন্তানের জননী গৃহবধূ মার্জিয়া আক্তার ছবি (৪০) একজন মুক্তিযোদ্ধার মেয়ে। থানায় এসে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে আমরা কর্মকর্তা পাঠিয়ে দুপুরে ভিকটিমকে উদ্বার করে হাসপাতালে ভর্তির ব্যাবস্থা করেছি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।