বানের পানি আর নদীর ভাঙনে হামার তো সংসার শ্যাষ। সামনের দিনত হামারে খালি অন্ধকার। একন মরন ছাড়া কি গতি আচে। এভাবেই বন্যা আর নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা হয়ে কথাগুলো বলেন, সাঘাটার রামনগর গ্রামের বাসিন্দা সুফিয়া বেগম। সুফিয়া আরও জানান, বর্গা নিয়ে কয়েক বিগে জমিত আমন ধান নাগাচিলেম। সেই ধানও পানির নিচে। বাড়িটাও চলে গেছে নদীর মদে। এখন কী করমো? কিচুই বুজিচ্চি ন্যা। একই গ্রাামের বাসিন্দা লিলি বেগম জানান, খাবার দাবার নিয়ে খুব কষ্টোত আচি। কি খাই হামরা- কেউ আসেও না খোঁজ নিতে। তোমরাও তো খালি ফটোক তোলেন। এ্যানা চিড়া-মুড়ি দিলেও তো খায়য়া বাচি। নদীভাঙনে গত কয়েক বছরে রামনগর গ্রামের চার ভাগের তিন ভাগই বিলীন হয়েছে। সরকারিভাবেও ভাঙন প্রতিরোধে কোনো পদক্ষেপ নেই বলে জানালেন গ্রামবাসী।
বন্যার পানি কমার সঙ্গে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। এ বছর পর পর তিন দফা বন্যায় গোবিন্দগঞ্জ-সাঘাটা উপজেলার সীমানা এলাকার বাঙ্গালী নদী বেষ্টিত রামনগর গ্রামের ১০০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। গত ৭ দিনে ২০টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। বন্যা আর ভাঙনে দিশেহারা পরিবারগুলোর অনেকেই খোলা আকাশের নিচে কষ্টে দিন পার করছেন। বাঙ্গালী নদীর ভাঙনে গতকাল রাতেই নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের মেনেকা বেগমের বসতবাড়ি। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার রান্নাঘর নদীতে বিলীন হয়েছে। পরে তার কান্নার শব্দে এলাকার লোকজন এসে শোয়ার ঘরটি উদ্ধার করে সড়কের উপর রাখেন। তার মতো আরও প্রায় ২০জনের বসতভিটা, বৈদ্যুতিক খুঁটি, আম-কাঁঠালের গাছসহ স্থাপনা গত দু’দিনে বাঙ্গালী নদী গর্ভে বিলীন হয়েছে। মেনেকা বেগম জানান, নদীর তীব্র স্রােতে বসতবাড়ি বিলীন হয়েছে। ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাব, কী খাব? কিছুই জানি না। এখন খোলা আকাশের নিচে আছি। কেউ আসেনি সাহায্য করতে। ভাঙনের কবলে পড়ে ৫ বার বাড়ির জায়গা হারানো রামনগর গ্রামের আবুল হোসেন প্রধান জানান, নদীর করাল গ্রাসে আর টিকে থাকতে পারছিনা। বিগত ৫ বছরে ১০ বিঘা জমি নদী খেয়ে ফেলেছে তার। ৫ বিঘা জমি নদীতে হারানো রফিকুল ইসলাম বলেন, কি করবো, ভাঙনের দৃশ্য চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই আমাদের। এ পর্যন্ত বসতভিটা হারিয়ে রামনগর, জালালতাইড়, বাঙাবাড়ি, কচুয়া ও গুজিয়া এলাকায় প্রায় ১০০ পরিবার অন্যত্র চলে গেছে। ভিটেমাটি হারানো লোকজন অন্যত্র গিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করছেন। এখনো হুমকির মুখে রয়েছে বেশ কিছু পরিবারের বসতবাড়ি। যেকোন সময় নদীতে চলে যাবে আরও ৩০টি পরিবারের বসতভিটা। এছাড়াও হুমকির মুখে রয়েছে রামনগর নয়াবাজার। কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবর রহমান জানান, প্রতিবারই পানি বেড়ে গেলে নদীর ভাঙনও বেড়ে যায়। এ ভাঙন প্রতিরোধ করা জরুরী বলেও মন্তব্য তার।
এলাকাবাসী জানান, বাঙ্গালী নদীর ভাঙন প্রতিরোধে আমরা অনেকবার প্রশাসনের কাছে ধর্ণা দিয়েছি, কোনো কাজ হয়নি। এখন আমাদের মরণ ছাড়া গতি নেই। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, করতোয়া নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উপজেলার বাটি, কালপানি, ভুতমারা, বুরুঙ্গি, রামনগর, কচুয়া, চন্দনপাট, দলদলিয়া, বাটি, গাছাবাড়ি, পদুমশহর, বড়াইকান্দি, বালুয়া সহ এ উপজেলার উঁচু নিচু প্রায় অধিকাংশ জমির রোপা আমন ধান তলিয়ে গেছে। উপজেলায় ৭শ’ ৫০ হেক্টর জমির রোপা আমন, ১০ হেক্টর জমির শাক সবজি ও ১০ হেক্টর জমির মাস কালাই সহ বিভিন্ন ফসলের আবাদ বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রায় ১০ হাজার জন কৃষকের ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান জানান, এবার বন্যায় কৃষকদের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে তালিকা প্রনয়নের কাজ চলছে।