দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২০ এর ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে গাইবান্ধা, ঢাকা ও বরগুনায় দুর্যোগ সহনীয় বাড়ি পাচ্ছেন, এমন ১৭ হাজার ৫টি গৃহহীন পরিবারের মাঝে বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করার পাশাপাশি ১৮ হাজার ৯শ’ ৫ জন নারীকে সিপিপি দলের নতুন স্বেচ্ছাসবক হিসেবে অন্তর্ভুক্ত করার কর্মসূচীর উদ্বোধন করেন। নতুন অন্তর্ভুক্ত হওয়া এ স্বেচ্ছাসেবকদের ভেতর থেকে বরগুনা সিপিপি দলের নতুন নারী স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত হওয়া কাশপিয়া তালুকদার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মতবিনিময় করেন। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কাশপিয়া তালুকদার বলেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো বরগুনার ওপর দিয়ে প্রবাহিত হয়। যার ফলে ছিন্নভিন্ন হয়ে যায় এ অঞ্চলের মানুষদের জীবনযাত্রা। তিনি কনফারেন্সে আরও বলেন, এই বিপদগ্রস্ত মানুষদের রক্ষা করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে সিপিপি গঠন করেন। আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই সিপিপি সংগঠনের নেতৃবৃন্দ জীবনবাজি রেখে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকে তখন থেকেই ইচ্ছে ছিল এ মহৎ পেশায় নিজেকে যুক্ত করার।
উল্লেখ্য, ব্যক্তিজীবনে কাশপিয়া তালুকদার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরগুনা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর একমাত্র পুত্রবধূ। তার স্বামী অ্যাডভোকেট সুনাম দেবনাথ বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাবা অমল কৃষ্ণ তালুকদার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক।