চিরিরবন্দরে ভূয়া পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে।
চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর রোববার দিবাগত রাত সাড়ে ৯ টায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়ানিজ পাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে আফসাদ দৌলা আকাশ (৪৫) ও একই উপজেলার মুন্সীপাড়া জোড়াপুকুর এলাকার আবদুল বারেকের ছেলে এম এ বাশার বিপুল (৪২)কে চিরিরবন্দর উপজেলার দেবিগঞ্জ বাজারের পার্শ্বে এক কবিরাজের বাড়িতে ভূয়া পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাদের আটক করে এবং থানায় সোপর্দ করে।
থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার সত্যতা স্বীকার করে জানান, তাদের নামে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ও আদালতে প্রেরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে আফসাদ দৌলা আকাশ “দৈনিক আমার বার্তা” ও এম এ বাশার বিপুল নীলফামারী থেকে প্রকাশিত “নীলকন্ঠ” পত্রিকার নাম ভাঙ্গিয়ে বেশ কিছুদিন যাবত চাঁদাবাজি করে আসছে।