বিরলে জমি আছে ঘর নাই প্রকল্পের পাকা ঘর করে দেয়ার নামে উৎকোচ আদায়ের পর পাকা ঘর দীর্ঘ দিনেও তুলে দিতে না পারায় উৎকোচের টাকা ফেরৎ নিয়ে বাক-বিতন্ডায় মারপিটে আহত হয়েছে ২ জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় উৎকোচ প্রদানকারীর পক্ষ হতে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলার রাণীপুকুর ইউপি’র দক্ষিণ মাধবপুর (বোর্ডহাট) এলাকার আবদুর রহমানের পুত্র জিয়াউর রহমান অভিযোগে জানায়, একই ইউপি’র কাজিপাড়া গ্রামের ফয়জুল হক মোল্লার পুত্র আবদুল লতিফ (৩০) আত্মীয়তার সম্পর্কে তাকে সরকারি অর্থায়নে পাকা ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে কাগজপত্রসহ তদবীরের জন্য ২৫ হাজার টাকা উৎকোচ গ্রহণ করে। এক মাসের মধ্যে পাকা ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ প্রায় ১০ মাসেও ঘর নির্মাণ করে দিতে না পারায় উৎকোচের টাকা ফেরৎ চায় জিয়া। রোববার দুপুরে এ বিষয়ে ১০ নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদে শালিস বৈঠক বসার পূর্ব মুহুর্তে কক্ষের বাহিরে জিয়া ও আবদুল লতিফের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হলে আবদুল লতিফ চেয়ার তুলে জিয়াকে মারলে এর আঘাতে জিয়া মাথায় আঘাত প্রাপ্ত হয়। ঘটনায় উপস্থিত লোকজন প্রতিবাদ করে আবদুল লতিফকে মারপিটে উদ্ধ’ত হলে পরিষদের সদস্য ও চৌকিদারবৃন্দ এগিয়ে এসে উভয়পক্ষকে শান্ত করে। পরে দু’জনে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। বিকালে এ রিপোর্ট লেখাকালীন আহত জিয়াউর রহমানের পক্ষ হতে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।