অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগপত্রে স্বাক্ষরও করে ফেলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।
রোববার সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এর বেশি কিছু নয়।
এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। জেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, আইনজীবী এএম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়ায় অসন্তোষ থেকে অতিরিক্ত দুই অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করতে যাচ্ছেন।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে গত ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান আইনজীবী মাহবুবে আলম।