রাজশাহীর বাগমারার বড় বিহানালী ইউনিয়নের একজন ব্যবসায়ীর গুদামে থাকা মালামাল ভেসে যাওয়াতে নিঃস্ব হয়ে পড়েছেন। পুঁজি সংকটে পড়েছেন তিনি। ওই ব্যবসায়ীর নাম আসাদুল ইসলাম। তিনি ছোট কয়া গ্রামের বাসিন্দা ও হাজি স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
ব্যবসায়ী ও স্থানীয় লোকজনেরা জানান, তৃতীয় দফা বন্যায় গত ৩০ সেপ্টেম্বর উপজেলার ছোটকয়া এলাকায় ভবানীগঞ্জ-বান্দাইখাড়া সড়ক ভেঙে যায়। ওই স্থানে থাকা ব্যবসায়ী আসাদুল ইসলামের হাজি স্টোর নামে গুদাম ঘরও ভেঙে যায়। সে সঙ্গে গুদামে থাকা ধান ও ভুট্টাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ভেসে যায়। ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও মালামাল রক্ষা করতে পারেননি। চোখের সামনে সব শেষ হয়ে যায় বলে তিনি জানান।
শুক্রবার স্থানীয় সাংবাদিকদের বলেন, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। ছোট কয়া এলাকায় সড়কের পাশে গুদাম নির্মাণ করে সেখানে মালামাল সংরক্ষণ ছাড়াও বিক্রি করে থাকেন। ভালো দামের আশায় এবার গুদামে ধান ও ভুট্টা গুদামজাত করেছিলেন। তবে বন্যার পানিতে সড়ক ভেঙে যাওয়ার কারণে গুদামেরও একাংশ ভেঙে যায়। সেখানে থাকা সব মালামাল ভেসে গেছে। এজন্য তিনি পুঁজি সংকটে পড়েছেন। নতুন করে ব্যবসা শুরু করা নিয়েও সংশয়ে আছেন। স্থানীয় বাসিন্দা কলেজশিক্ষক মুনসুর রহমান জানান, ব্যবসায়ী আসাদুল ইসলামের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের ভাঙা অংশের পাশেই তাঁর গুদাম থাকায় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।