দিনাজপুরের হাবিপ্রবি’র উপাচার্যের সাথে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকেরা।
শুক্রবার অচলাবস্থা কাটাতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদারের মধ্যস্থতায় হাবিপ্রবি’র উপাচার্য এর সাথে কর্মবিরতিতে থাকা প্রশাসনের ৭জনের একটি দল এ জুম মিটিং এ মিলিত হয়।
এরপরেই কর্মবিরতি প্রত্যাহার করা হয় এবং বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.মো: ফজলুল হককে রেজিস্ট্রারের দায়িত্বে পুনঃ বহালের বিষয়টি উপাচার্য দেখবেন বলে জানান সাবেক রেজিষ্টার প্রফেসর ডা. মো.ফজলুল হক।
এর আগে প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের কর্মবিরতিতে যাওয়ায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর(হাবিপ্রবি) প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। অচলাবস্থার সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডা. মো.ফজলুল হককে ৭ অক্টোবর হতে অব্যাহতি দেওয়া হয় এবং সেই সাথে অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ রাজিব হাসানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৭ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব দেয়া হয়। এরপর বৃহস্পতিবার কর্মবিরতিতে থাকা শিক্ষকরা এক বৈঠকে মিলিত হয়ে কতিপয় সিদ্ধান্ত নেন এবং শুক্রবার উপাচার্যের সাথে জুম মিটিং করার সময় সেই সিদ্ধান্ত তুলে ধরা হয়।
জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড.শ্রীপতি সিকদার জানান, স্যারের সাথে আলোচনার মাধ্যমে যে ভুল বুঝাবুঝি ছিলো সেগুলো সমাধান হয়েছে। এরপর ভিসি স্যারকে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.মো: ফজলুল হককে রেজিস্ট্রারের দায়িত্বে পুনঃ বহালের জন্য অনুরোধ জানিয়েছি। উপাচার্য মহোদয় বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর থেকে হাবিপ্রবির উপাচার্য ড. মু. আবুল কাসেম প্রশাসনিক ভবনে অফিস না করায় প্রশাসনিক কার্যক্রমে অচলবস্থার সৃষ্টি হয়েছে মর্মে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদারের নেতৃত্বে প্রশাসনিক ব্যক্তিবর্গ অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা থেকে উত্তোরণে আলোচনা করতে উপাচার্যের বাসভবনে যান। ওই সময় ট্রেজারার ও রেজিস্ট্রার মোবাইলফোনে স্বাক্ষাতের অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে উপাচার্যের বাসভবনের মূল ফটকে প্রশাসনের দায়িত্বরত শিক্ষকরা প্রায় আধাঘণ্টা অপেক্ষা করে বাধ্য হয়ে ফিরে আসেন। এরপর সন্ধ্যায় এক বৈঠকে তারা উপাচার্যের আচরণের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন রেজিষ্টারসহ ১৭জন শিক্ষক।