বিরলে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে ধান মজুদ করে রাখা ও বাল্য বিবাহের আয়োজন করায় পৃথক পৃথক অভিযানে ৭৫ হাজার টাকা অর্থদন্ড আদায় হয়েছে। এছাড়াও ফরক্কাবাদ ইউপি’র বিবাহ রেজিষ্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকালে পৌরশহরের চকভবানী (জোড়কালী) নামক স্থানে মেসার্স ভাই-বোন হাসকিং মিলে অভিযান পরিচালনা করে ১ মাসের অধিক সময় ধরে ধান মজুদ করে রাখার দায়ে মিল মালিক ইসমাইল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাবের মোঃ সোয়াইব। এ সময় বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মোঃ লুৎফর রহমান, উপজেলা খাদ্য অফিসের ওসিএলএসডি মঈন উদ্দিন ও মঙ্গলপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আমিরুল ইসলাম এবং বিরল থানার এএসআই বজলুর রশীদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
অপরদিকে, সন্ধ্যায় উপজেলার ফরক্কাবাদ ইউপি’র নলদিঘি গ্রামে বাল্য বিবাহের আয়োজন করাা সংবাদ পেয়ে সরাসরি বিবাহস্থলে উপস্থিত হয়ে কনের নানা কাশেম আলীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড এবং বাল্যবিবাহে সহযোগিতার দায়ে কাজীর সহকারী আইয়ুব আলীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করে ঐ ইউনিয়নের বিবাহ রেজিষ্টার (কাজী) উমর আলীর লাইসেন্স বাতিল করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাবের মোঃ সোয়াইব। তিনি অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।