বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগ আর পরিচালনায় দেশে প্রথম " বঙ্গবন্ধু নৌকা জাদুঘর"স্থাপন হতে যাচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বরগুনা জেলা প্রশাসন অধিগ্রহণকৃত পরিত্যাক্ত পৌর গণগ্রন্থাগার মাঠে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের ভিত্তি প্রস্থর স্থাপন ফলক উন্মোচন করেন বরিশাল বিভাগীয় কমিশমার ড. অমিতাভ সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন (পিপিএম), জাদুঘর নির্মান কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীন, চেম্বার অব কমার্স সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, মুক্তিযুদ্ধ ৭১ এর সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাবেক জেলা কমান্ডার আঃ রশিদ, প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস। ভিত্তি প্রস্থর স্থাপন করে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, জেলা প্রশাসন বরগুনার সর্বস্তরের নাগরিকদের নিয়ে দেশে প্রথম বারের মতো "বঙ্গবন্ধু নৌকা জাদুঘর" স্থাপনের যে উদ্যোগ নিয়েছেন তা ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। বিভাগীয় কমিশনার বলেন, পর্যটনের সম্ভবনাময় বরগুনার পর্যটন শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেয়া হবে।