কিশোরগঞ্জের হাওরের অল ওয়েদার সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটারের অলওয়েদার সড়কটি শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হক, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, উপকারভোগী আবদুর রহমান, প্রতিবন্ধী আফজাল হোসেন, কৃষক আ. মজিদ ও আকলিমা আক্তার প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন।
মিঠামইন প্রান্ত থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যডভোকেট মোঃ কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যডভোকেট এমএ আফজল, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, কিশোরগঞ্জ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য লোকজন।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, সারা বছর চলাচল উপযোগী ‘আবুরা’ সড়কটি নির্মিত হওয়ায় স্থানীয় লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উন্মুক্ত হয়েছে পর্যটন খাতের বিপুল সম্ভাবনার দুয়ার।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি এরইমধ্যে পরিচিতি পেয়েছে হাওরের বিস্ময় হিসেবে। সড়কটি নির্মিত হওয়ায় হাওর এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। সড়কটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে কিশোরগঞ্জের হাওড়ের সৌান্দর্যকে জানান দিয়েছে।