বগুড়ার আদমদীঘি উপজেলার বিহিগ্রামে হাই স্কুলের শহীদ মিনার প্রাইমারি স্কুলের জায়গায় হওয়ায় তা ভেঙে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে।
শহীদ মিনারটি ভাঙার পর দুই বিদ্যালয়ের মাঠে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও এখনো তা নির্মাণ না করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের বিহিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারটি অপসারণ করে সেখানে টয়লেট নির্মাণ করা হচ্ছে। টয়লেটের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে হলেও এখনো শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু করা হয়নি।
জানতে চাইলে বিহিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, টয়লেট নির্মাণের জন্য শহীদ মিনার ভাঙা হয়নি। উচ্চবিদ্যালয়ের নিজস্ব জায়গায় শহীদ মিনার নির্মাণ করবে এ কারণে প্রাথমিকের টয়লেট নির্মাণের আগে তা সরিয়ে ফেলেছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, বিদ্যালয়ের সুবিধার্ধে সরকারি অর্থায়ন ও ডিজাইন অনুযায়ী অ্যাকাডেমিক ভবনের সঙ্গে ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে।
উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান রাহিদ বলেন, বিশাল একটি মাঠসংলগ্ন পাশাপাশি দুটি বিদ্যালয়। পর্যাপ্ত জায়গা থাকায় প্রাথমিকের সীমানা থেকে শহীদ মিনার অপসারণ করা হয়েছে। বৃষ্টির কারণে নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। অল্পদিনের মধ্যেই মাঠের পশ্চিম পার্শ্বে শহীদ মিনার নির্মাণ করা হবে।