ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত ও মেয়েদের নিজেকে সুরক্ষিত রাখার কৌশল শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১৩ দফা দাবিতে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এই প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে জেলার সহস্রাধিক সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন।
এ সময় ধর্ষকদের আস্তানা জ্বালিয়ে দাও পুঁড়িয়ে দাও, কেনো তোর মাথা আজ ভয় পেয়ে নত হয়, বিলবোর্ডে ঝোলা সব ধর্ষকের পরিচয়, জ্বালো জ্বালো আগুন জ্বালোসহ নানান সেøাগানে উত্তাল হয় বগুড়া।
শিক্ষার্থীদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে, ধর্ষকের পক্ষে কোন আইনজীবী দাঁড়াতে পারবে না। তিন মাসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। রাজনৈতিক মদদে কোন ধর্ষকের ছাঁড় দেওয়া হবে না। ধর্ষিতার পরিচয় কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে সকল ধর্ষণের বিচার এখনও হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা জোরদারে আলাদা কমিটি গঠন করতে হবে। প্রতিটা রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। মেয়েদের নিরাপত্তাজনিত শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ধর্ষণের বিচারে স্বজন প্রীতি বন্ধ করতে হবে ও ভিক্টিমের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। ধর্ষিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ধর্ষণ প্রতিরোধে জেলায় জেলায় পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করতে হবে। ধর্ষকের বাড়ি চিহ্নিত করে ব্যানার লাগিয়ে দিতে হবে।