‘প্রতি বছর বাংলাদেশে যেসব মাদক আসে তার বাজারমূল্য প্রায় ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮০ শতাংশই ঢোকে কক্সবাজার হয়ে। যার বাজারমূল্য প্রায় ৭ থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা। কক্সবাজার হয়ে ঢোকা সেসব মাদক রাজশাহীসহ সারা দেশে সিন্ডিকেটেরমাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়। আর এ ব্যবসা নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট প্রধানদের মধ্যে দুইএকজন বাংলাদেশে থাকলেও শীর্ষকর্তারা থাকেন দেশের বাইরে।’ বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন রাজশাহীতে নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ হোসেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকা-ের পর আলোচনায় আসা কক্সবাজার জেলা পুলিশের সাবেক এই এসপি কয়েকদিন আগে রাজশাহীতে যোগদান করেন।
মতবিনিময়কালে নবনিযুক্ত এসপি বলেন, কক্সবাজার থাকাকালীন মাদক নির্মূলের জন্য চেষ্টা করেছি। রাজশাহীতেও মাদক নির্মূলে পেশাদারিত্বের সঙ্গে চেষ্টা করবো। তিনি বলেন, আমাদের সব কাজ হবে পেশাদারিত্বের সঙ্গে, আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে যেটা করা দরকার আমরা সেটা-ই করব।
এসময় সিনহা হত্যাকা-ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, এটি একচুয়ালি কক্সবাজারের ঘটনা। এটা রাজশাহীর ঘটনা নয়। আর এ বিষয়ে একটা মামলা তদন্তাধীন আছে। এমতাবস্থায় এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।।
সভায় এসপি বলেন, আমাদের যেকোন কাজ হবে পেশাদারিত্ব, দেশপ্রেম এবং অবশ্যই দক্ষতার সঙ্গে। আমরা রাজশাহীর আট থানার আইন-শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই। আমরা দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত রাজশাহী গড়তে চাই। সন্ত্রাসী যেই হোক না কেন তার পরিচয় সন্ত্রাসী। কোন দল, কোন মত আমরা তা চিনি না। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। আর মাদকের ব্যাপারে সরকারের ‘জিরোটলারেন্স’ নীতি আছে। সেটার পরিবর্তন হয়নি। আমরাও মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতিতে কাজ করব।
তিনি বলেন, রাজশাহীর একটা সমস্যা আছে। এতদিন দূর থেকে জেনে এসেছি যে, এখানে একসময় জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। সেটা যদিও এখন নিয়ন্ত্রণে আছে, তবে এদেরকে বিশ্বাস করা যায় না। এরা যে কোন সময় আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এখানে যে সর্বহারা নামে যে একটা গ্রুপ ছিল তাদেরও প্রভাব অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। যেকোনো সন্ত্রাসী ঘটনার ক্ষেত্রে আমরা দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে একদম কঠোর।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সুমন দে, ইফতেখায়ের আলমসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।