উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে বুধবার (৭ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করবে শিক্ষা মন্ত্রণালয়। এ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার রুটিন ও আয়োজনের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর চিন্তা আছে এবং সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। এক্ষেত্রে বিষয় না কমানো হলেও পরীক্ষার নম্বর কমতে পারে। পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে ৫০ শতাংশের মধ্যে প্রতিটি বিষয়ের পরীক্ষা নেয়া হতে পারে।
সম্প্রতি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজনে প্রশ্নপত্র ও উত্তরপত্র মুদ্রণসহ সব প্রস্তুতি রয়েছে।
জানা গেছে, শিক্ষা বোর্ডগুলোও প্রস্তুত। ১৫ দিন সময় পেলেই পরীক্ষার আয়োজন শুরু করতে পারবে তারা। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে রুটিন তৈরির ক্ষেত্রে নতুনত্ব আনার চিন্তা রয়েছে। সেক্ষেত্রে দিনে একটির বেশি পরীক্ষা না রাখা এবং প্রতিদিনই পরীক্ষা নেওয়া। স্বাভাবিক সময়ে মূল বিষয়গুলোর পরীক্ষার পরে বিভাগভিত্তিক সকালে ও বিকেলে দুটি করে পরীক্ষা রাখা হতো। ফলে সকালে বিজ্ঞানের পরীক্ষা হলে বিকেলে মানবিক বা ব্যবসায় শিক্ষার পরীক্ষা নেয়া হতো। একটি পরীক্ষার পরে কেন্দ্র পরিষ্কারের বিষয়টি সামনে রেখে দৈনিক একটি রাখার চিন্তা করা হচ্ছে। তবে ধর্মীয় ও সাপ্তাহিক ছুটি বাদে অন্যসব দিন পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।