দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শুরু হয়েছে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা। তবে যাদের জন্য এই নির্বাচনের আয়োজন সেই ভোটাররা রয়েছেন অনেকটাই নিশ্চুপ। দুই দলের প্রার্থীর কর্মী ও সমর্থকেরা নাম ঘোষণার পরপরই শুরু করেছেন প্রচার-প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন। কয়েকজন ভোটার জানান, এ নির্বাচনে ভোটের মাঠে হাড্ডাহাড্ডি ত্রিমূখী লড়াই হবে। তবে কে চেয়ারম্যান নির্বাচিত হবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার জানান, ভোট দেয়ার মত পরিবেশ পেলে অথবা সামাজিক হুমকী না থাকলে ভোট কেন্দ্রে যাবেন।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী দিয়েছেন। সাতনালা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে মো. আব্দুল হামিদ শাহ্কে মনোনয়ন দেয়া হয়েছে। এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক শাহ্। তিনি ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টি মনোনীত মো. মোস্তাফিজুর রহমান লাঙ্গল প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম শাহ্ আনারস প্রতিক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও গোয়ালডিহির সাকোর পাড় আকবর আলী শাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ মোটর সাইকেল এবং মো. আব্দুর রাজ্জাক ওরফে মানু মাষ্টার চশমা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ বিএনপি নেতা অধ্যক্ষ ফজলুর রহমান দুলাল গত ১৫ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আসনটি শুন্য হয়ে যায়। তাই এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মালেক জানান, এ ইউনিয়নে আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।