নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সন্ত্রাসীদের এ ধরনের পৈশাচিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান মিড নাইট সরকারের আমলে চারিদিকে শুধু নারী ও শিশু নির্যাতনের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের যেন মহৌৎসব শুরু হয়েছে। নারী ও শিশু নির্যাতন যে এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, তা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই বোঝা যায়। নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা বন্য পশুর চেয়েও নিকৃষ্ট। সরকারের নিজেদের দুঃশাসনের ফলে অপকীর্তি ও অপকর্মের মাত্রা বৃদ্ধিতে এ ধরনের মনুষ্যত্বহীন ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া নারী ও শিশু নির্যাতনের মতো পাশবিকতায় দোষীরা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরো বেশি উৎসাহিত হচ্ছে।’