বিরলে জমি-জমার বিরোধে বাড়ীর সম্মূখ স্থাপনা ভাঙ্চুর ও ক্ষতিসাধন করার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলার ৫ নং বিরল ইউপি’র সাবইল গ্রামের মৃত তছির উদ্দীনের পুত্র এমাজ উদ্দীন পৈত্রিকভাবে ২০ বছর যাবৎ বাড়ী-ঘর নির্মাণ করে পরিবারের সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। ওই বাড়ীর সম্মূখ জমিতে একটি দোকানঘর, গোয়ালঘর, খড়ি ঘর নির্মাণ করে ভোগদখল করতে থাকা অবস্থায় রোববার দুপুরে ধামইর ইউপি’র গিরিধরপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র তফিকুল ইসলাম সঙ্গীয় ২০/২৫ জন লোকজন নিয়ে পাকা পিলার ও টিনের ছাউনিকৃত গোয়াল ঘর, খড়ির ঘর ও খড়ের স্তুপ ভেঙ্গে আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ সময় এমাজ উদ্দীনের পুত্র বাড়ীর সম্মূখের মুদি দোকানদার ইছাহাক আলী বাঁধা দিলে তাঁকে মারপিট করে আহত করে এবং দোকানের মালামালসহ দোকান দখলের হুমকি প্রদান করায় বাড়ীর অন্যান্য লোকজন আর বাঁধা দেয়ার সাহস পাননি। ঘটনাটি বিরল থানার কর্মকর্তা ইনচার্জকে অবগত করলে তিনি তাৎক্ষণিক পুলিশ ফোর্স প্রেরণ করে এবং উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে এমাজ উদ্দীনের পরিবারের পক্ষ হতে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।