বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে নববধূ প্রেমিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে প্রেমিকসহ দুইজনকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামে এ ঘটনা ঘটে।
আটক দুইজন হলেন, বগুড়া শাজাহানপুর উপজেলার বিব্লক রহিমাবাদ এলাকার ইমরান হোসেন তালুকদার(৩০) ও সাদমান আলীম(২৫)। এদের মধ্যে ইমরানের সঙ্গে নববধূ সুমির প্রেমের সম্পর্ক ছিল।
এ ঘটনায় মেহেদী হাসান সবুজ (২৯) নামের একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত সবুজ নববধূ সুমি খাতুনের (১৮) মামাতো ভাই।
প্রেমিক ইমরান বলেন, ‘সুমির (নববধূ) সঙ্গে এক বছর ধরে আমার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের অনুষ্ঠানে তাকে দেখতে এসেছিলাম। আর এতেই আমাদের ওপর হামলা হয়। আমরা কেউ সবুজকে ছুরিকাঘাত করিনি। সবুজের নিজের ছুরি দিয়ে সে নিজেই আহত হয়েছে।’
স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার জোড়শিমুল গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুমিতা খাতুনের (১৮) বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এ সময় আটক ইমরান ও সাদমান বিয়ে বাড়িতে পৌঁছে নববধুকে তুলে নিয়ে যাওযার চেষ্টা করে। এ সময় ধস্তাবস্তির একপর্যায়ে সবুজ ছুরিকাঘাতে আহত হন। পরে ইমরান ও আবদুল আলীমকে ধাওয়া করে ধরে গণধোলাই দেয় বিয়ে বাড়ির লোকজন। আহত সবুজকে প্রথম ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, আটক ইমরানের সঙ্গে নববধূ সুমির প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানতে পেরেছেন।
ধুনট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। বিয়ের পর নববধূ স্বামীর বাড়িতে চলে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।