বগুড়ার সান্তাহারে বৈশাখী অটোমেটিক রাইস মিলে সরকারী বেঁধে দেওয়ার চেয়ে অতিরিক্ত মুল্যে চাল বিক্রয়ের অপরাধে মিল মালিকের ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে সান্তাহার শহরের কলা বাগান নামক স্থানে উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট সীমা শারমিন ও সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক যৌথ ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বৈশাখী অটোমেটিক রাইস মিলের মালিক ইসমাইল হোসেনের এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সান্তাহার-বগুড়া সড়কের পাশে বৈশাখী অটোমেটিক রাইস মিল নামের একটি চালকলে সরকারী বেঁধে দেওয়ার চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত টিম ওই চালকলে অভিযান চালিয়ে রাইস মিলের মালিক ইসমাইল হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুন্ডু, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।