করোনার কারণে স্থগিত বা পিছিয়ে যাওয়া সিরিজগুলোর পুনঃসূচি তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছে বোর্ডগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এর ব্যতিক্রম নয়। আরেক দফা স্থগিত হয়ে যাওয়ার আগে শ্রীলঙ্কা সফর নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছিল সর্বোচ্চ পর্যায়ের। চূড়ান্ত হয়েছে আগামী বছর নিউজিল্যান্ড সফরের, কাজ চলছে উইন্ডিজ সিরিজ নিয়েও। তবে করোনাভাইরাসের হানায় বাংলাদেশ দলের যে সিরিজ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পাকিস্তান সফরের জন্যই এখন সময় বের করা যাচ্ছে না। পিসিবি সূত্রের খবর, ২০২১-২২ মৌসুমের আগে স্থগিত হয়ে থাকা করাচি টেস্ট হওয়ার সম্ভাবনা নেই। চলতি বছরের শুরুতে তিন ফরম্যাটের ক্রিকেটে মোট তিন দফা পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। প্রথম দুই দফায় তিনটি টি২০ ও একটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় দফায় ৫ এপ্রিল ওয়ানডে এবং ৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট আয়োজিত হওয়ার কথা ছিল করাচিতে। তবে মার্চে করোনার প্রকোপে সফরটি স্থগিত হয়ে যায়। ওয়ানডে ম্যাচটির বিশেষ গুরুত্ব না থাকলেও টেস্ট ম্যাচটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চলতি চক্রের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেহেতু বাতিল করা হয়নি, ম্যাচটি তাই চ্যাম্পিয়নশিপ নির্ধারণের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করবে। কিন্তু খেলার জন্য সময় বের করতে পারছে না পিসিবি। পিসিবির সূত্রে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, চলতি মৌসুমে বাংলাদেশের বিপক্ষে স্থগিত থাকা ম্যাচটি আয়োজন করতে পারবে না বলে বিসিবিকে জানানো হয়েছে। দুই বোর্ড এখন ২০২১-২২ মৌসুমে সময় বের করতে চেষ্টা করছে।