সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন শ্রীলংকায় থাকতে। প্রস্তুতি নিতো তিন টেস্টের সিরিজ খেলার জন্য। দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও শ্রীলংকায় যাওয়া নিশ্চিত ছিল দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। শ্রীলংকার বিপক্ষে সিরিজ হওয়ার কথা ছিল ২৪ অক্টোবর। ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা উঠলে সাকিব খেলতেন হয়তো দ্বিতীয় টেস্টে। কিন্তু বাংলাদেশের অপেক্ষায় ওই সিরিজ স্থগিত হয়েছে। পিছিয়ে গেছে তাই সাকিবের ফেরাও। কোয়ারেন্টাইনের শর্তে সমঝোতা না হওয়ায় লংকান ক্রিকেট বোর্ডকে বিসিবি জানিয়ে দিয়েছে সফরটি হচ্ছে না। আর সফর না হওয়ায় আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাত ৩.৪৫ মিনিটে তার যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাকিব যাতে নিষেধাজ্ঞা উঠে গেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন, শ্রীলংকা সফরে যেতে পারেন সেজন্য আগেভাগেই অনুশীলন শুরু করে দেন। করোনা সংকটের কারণে নিরিবিলি বিকেএসপিতে সাকিব দুই কোচ ফাহিম ও সালাউদ্দিনের অধীনে কাজ শুরু করেন। ২৫ দিন সেখানে অনুশীলন করেছেন সাকিব। এর মধ্যে একটা বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনেও দাঁড়িয়েছেন। তিন সপ্তাহের বেশি অনুশীলনে নিশ্চয় তিনি চনমনে হয়ে উঠেছিলেন। খেলার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। কিন্তু সাকিবকে ফিরে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রে। যদি কোয়ারেন্টাইন শর্ত শিথির করে লংকা সফর হয়। যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা মাঠে গড়ায় তবে আবার নিশ্চয় ফিরবেন সাকিব। না হলে মার্চে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে সাকিবকে।