বগুড়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া আছিয়া আকতার সুমি (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মথুরা গ্রামের নিজ বাসার বারান্দা থেকে লাশ উদ্ধার করা হয়। আছিয়া আকতার ওই এলাকার মো. জালালের মেয়ে এবং সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
সনাতন চক্রবর্তী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।’