বগুড়ার ধুনটে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেলেঙ্কারীর অভিযোগে উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত অভিযোগটি তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেন।
ওই কমিটিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভুমি) আহবায়ক এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও একজন পুলিশ কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।
এই তদন্ত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে (১অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
প্রসঙ্গত, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের আব্দুল হাদি মন্ডল দশ টাকা কেজির চাল বিক্রয়ের পরিবেশক (ডিলার)। তার অধীনে থাকা সেপ্টে¤॥^র মাসের ৭১০টি কার্ডের অনুকুলে ২১ হাজার ৩০ কেজি চাল গত ২০সেপ্টে¤॥^র উপজেলা খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বেড়েবাড়ি বাবু বাজার এলাকায় সুবিধাভোগীদের কাছে দশ টাকা কেজির চাল বিক্রি করছিলেন আব্দুল হাদি।
সেসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেখানে অভিযান চালিয়ে ডিলার আব্দুল হাদির কাছ থেকে অবৈধভাবে রাখা ২৩৬টি কার্ড জব্দ করেন।
একই স্থানে উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নবাব আলীর মেসার্স তিন ভাই ট্রেডার্স এন্ড সেমি অটোরাইচ মিলের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ মন (৫১বস্তা) চাল জব্দ করা হয় এই অভিযানে।
জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রনী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেলেঙ্কারীর অভিযোগের তদন্ত কাজ শুরু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চয় কুমার মহন্ত বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।