পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মহানগরীর ভেড়িপাড়া মোড়স্থ রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের পাশে ছুরিকাঘাতে আদর রহমান (২৪) নামে এক দোকানদার খুন হয়েছেন। নিহত আদর ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দোকানের পান-সিগারেরটের বাকি চওয়ায় বখাটেরা ধরে আদরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় আদরের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। কিন্তু হাসপাতালের ওর্য়াডে নেয়ার আগেই আদরের মৃত্যু হয়।
এ ঘটনায় রফিকুল ইসলাম দর্পন ও বাপ্পারাজ নামে দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। আর হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই আবদুল হান্নান বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করলে সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এ মামলায় নামীয় ছয়জনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আর নিহতের মরাদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, নিহত আদরর রহমান ভেড়িপাড়া এলাকায় পান-সিগারেটের ব্যবসা করেন। ওই দোকানে বাকি খায় বখাটে কয়েকজন যুবক। সেই পাওনা টাকা চাওয়ায় ক্ষুব্ধ হয়ে বখাটেরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার চেষ্ঠা অব্যাহত রয়েছে।