বিশ্ব জলাতংক দিবস উপলক্ষে জলাতংক নির্মুলে টিকা দিতে সহযোগিতা করুন শ্লোগানে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাইবান্ধা পৌরসভার বানিয়ারজান এলাকায় জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি ভিএইড রোড প্রদক্ষিণ করে আবারও জেলা প্রাণিসম্পদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের উচ্চমান সহকারী মো. শফিকুল ইসলাম। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুস ছামাদের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আনোয়ার হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা ইন্সটিটিউট অব লাইভস্টক সাইন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. মো. আবদুল হাই ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলাতংকে আক্রান্ত কোন কুকুর, বিড়াল, শেয়াল ও বেজির কামড় বা আঁচর থেকে গবাদিপশুর জলাতংক হয়। এজন্য কামড় বা আঁচর দেওয়ার আগেই পশুকে টিকা দিতে হয়। আর আগেই টিকা না দিলে কামড় বা আঁচর দেওয়ার পর দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হয়ে গবাদিপশুকে টিকা দিতে হবে। আর কোন গবাদিপশুকে কুকুর, বিড়াল, শেয়াল ও বেজি কামড় বা আঁচর দিলে সেই পশুর মুখ দিয়ে লালা পড়ে। কিছুই খেতে চায়না। গবাদিপশু পাগলের মতো আচরণ করে ও একসময় মারা যায়। আর তাই যেসব প্রাণির কামড় বা আঁচরে গবাদিপশুর জলাতংক হয় সেইসব প্রাণিকে গবাদিপশুর কাছে যেতে দেওয়া যাবে না।