বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি বানানোর অপরাধে ছয় ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বগুড়া র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বজল কুমার সরকার।
তিনি জানান, শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরির করার দায়ে ছয় কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০৯ সালের ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ৫২ ধারা ভঙ্গের অপরাধে সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের আহম্মেদ আলীকে ৩০ হাজার টাকা, রিংকি সুইটসের শ্যামল বসাকে ২০ হাজার টাকা, মৌচাক মিষ্টি-দইয়ের আনন্দ ঘোষকে ২০ হাজার টাকা, শম্পা দধি ভাণ্ডারের তপন ঘোষকে ৩০ হাজার টাকা, ভিআইপি দইঘরের স্বজল চৌধুরীকে ৫ হাজার টাকা এবং উষা দই ভাণ্ডারের ওয়াসিম ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের সঙ্গে অভিযানে ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ।