রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিবসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিভিন্ন স্থাপনা মেরামতের নামে ১৮ লক্ষাধিক টাকা লোপাটের অভিযোগ এনে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুদক রাজশাহীর সহকারী পরিচালক মোঃ আল আমিন তিনটি মামলা দায়ের করেন। যে মামলায় আসামীদের বিরুদ্ধে বোর্ডের বিভিন্ন স্থাপনা মেরামত, সংস্কার ও নির্মাণের কাজ না করে ১৮ লাখ ৪৪ হাজার ৮৩১ টাকা আত্মসাতের মোট নয়টি অভিযোগ উল্লেখ করা হয়েছে। দন্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আসামীরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ ও সাবেক সচিব ড. মোঃ আনারুল হকসহ মোট ১৪ জন কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার যোগসাজশ করে বোর্ডের বিভিন্ন স্থাপনা মেরামত, সংস্কার ও নির্মাণের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করেই কাজ বাস্তবায়ন দেখিয়ে আঠার লক্ষ চুয়াল্লিশ হাজার আটশত একত্রিশ টাকা আত্মসাত করে।
মামলার অন্যান্য আসামীরা হলেন- রাজশাহী শিক্ষা বোর্ডের উপসচিব (ভান্ডার) মোছাঃ সেলিনা পারভীন (৫৩) ও নেসার উদ্দিন আহম্মেদ (৫২), নিরাপত্তা অফিসার গোলাম ছরওয়ার (৫১), ঠিকাদার মোঃ শওকত আলী (৫৪), মোঃ ইসরাফিল হোসেন (৩৩), রওশন রেজভী (আলম) (৪৩) ও রিপন রায় (কুশ) (৩৫), উপবিদ্যালয় পরিদর্শক মানিক চন্দ্র সেন (৪৮), সহকারী প্রোগ্রামার মোঃ ফরমান আলী (৪৬), সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জহিরুল হক (৫১), শিক্ষা বোর্ড মসজিদের ইমাম আবুল হাশেম মোঃ রহমতুল্লাহ (৪৫) এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মোঃ আজহার আলী (৩৬)।
মামলার বিবরণে জানা যায়,২০১৫-২০১৬ হতে ২০১৭-২০১৮ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর বেলদার পাড়ার অফিস কাম বাসভবনের সংস্কার কাজ, মটর সাইকেল এবং জীপগাড়ি রাখার গ্যারেজ নির্মাণ, পুরাতন ভবনের ১ম ও ২য় তলার রং করণ, পুরাতন ভবনের ৩য় ও ৪র্থ তলার রং করণ এবং পুরাতন ভবনের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পার্শ্বে ড্রেন নির্মাণ কাজ, উপকরণ শাখা ও কর্মচারী ইউনিয়ন কক্ষের মূল রাস্তা নির্মাণ কাজ, গ্যারেজের সামনে রাস্তা উচুকরণ কাজ, প্রশাসনিক ভবনের সামনের রাস্তা পাথর সিমেন্ট দ্বারা উচুকরণ কাজ, পুরাতন ভবনের স্কুল কলেজ নিবন্ধন শাখার পূর্ব প্রাচীর সংলগ্ন পূর্ব ও দক্ষিণ প্রান্ত এবং ভবন সলগ্ন পূর্ব দক্ষণ পার্শ্ব ভরাটসহ সাপোর্ট ওয়াল দ্বারা সোলিং রাস্তাকরণ কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করলেও কাজ বাস্তবায়ন দেখিয়ে অবৈধভাবে সর্বমোট আঠার লক্ষ চুয়াল্লিশ হাজার আটশত একত্রিশ টাকা আত্মসাত করেছেন।
এ তথ্য নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন বুধবার সন্ধ্যায় জানান, আসামিরা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য পরস্পরের যোগসাজশে সরকারি অর্থ লোপাট করে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুদকের তদন্তে অর্থ লোপাটের অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। যে কারণে দ্রুতই আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানান, ‘মামলার বিষয়টি শুনেছি, এ সংক্রান্ত কোন কাগজপত্র এখনও হাতে পাইনি, পেলে অভিযোগগুলো বিষয়ে কথা বলতে পারতাম। এ বিষয়ে কাগজপত্র হাতে পাওয়ার পরই কথা বলব। তবে নিয়মাফিক সকল কাজ সম্পাদন করা হয়েছে বলেও দাবি করেন সাবেক এ চেয়ারম্যান।