সবকিছু চূড়ান্ত ছিল আগে থেকেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বার্সেলোনা থেকে আর্তুরো ভিদালকে দলে নিয়েছে ইন্টার মিলান। এক বিবৃতিতে সোমবার ৩৩ বছর বয়সী এই চিলিয়ান মিডফিল্ডারকে দলে টানার কথা জানায় ইটালিয়ান দলটি। বার্সেলোনার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন শর্ত অনুযায়ী ট্রান্সফার ফি দাঁড়াতে পারে ১০ লাখ ইউরো। ২০১৮ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দিয়ে কাতালান দলটির হয়ে ৯৬ ম্যাচে ১১ গোল করেন ভিদাল। জেতেন একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। গত মাসে কাম্প নউয়ে কোচ হয়ে আসার পর রোনাল্ড কুমান স্পষ্ট জানিয়ে দেন, তার পরিকল্পনায় নেই ভিদাল। আগের দুই কোচ এরনেস্তো ভালভেরদে ও কিকে সেতিয়েনের একাদশেও ভিদালের জায়গা নিশ্চিত ছিল না। তবে মাঠে তার নিবেদন এবং দলের ওপর ও ড্রেসিংরুমে তার ইতিবাচক প্রভাবের প্রশংসা করেছেন সবাই। যার কোচিংয়ে ২০১১-১২ থেকে টানা চার মৌসুম ইউভেন্তুসের হয়ে সেরি আর শিরোপা জিতেছিলেন, সেই আন্তোনিও কন্তের সঙ্গে আবারও যোগ দিলেন ভিদাল।