শুক্রবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ জিয়া (৩০) নামে এক মাদকসেবীকে আটক করে বেকায়দায় পড়ে। সে উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয়রা জানান, নিজের শরীরে নেশা জাতীয় ইনজেকশন নেয়ার সময় জিয়াকে মহাদেবপুর থানার এসআই নুর ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যান। কিন্তু রাতে তাকে ছেড়ে দেয়া হয়।
জানতে চাইলে ওই এসআই জানান, জিয়াকে তিনি একটি ইনজেকশনের সিরিঞ্জসহ আটক করেন। থানা হাজতে থাকা অবস্থায় তার নেশার প্রতিক্রিয়া শুরু হয়। এতে সে মারাত্মক অসুস্থ হয়ে ছটফট করতে থাকলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অসুস্থতার কারণে তাকে তার পিতার হেফাজতে দেয়া হয়।
এ ব্যাপারে থানায় একটি জিডিই এন্ট্রি করা হয়েছে বলেও তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই জিয়াকে রিলিজ দেয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জিয়ার নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। শীর্ষস্থানীয় গডফাদারদের ছত্রছায়ায় মাদক সেবন, বিক্রি, চাঁদাবাজি, হুমকি-ধামকি, মারামারি ও বেসরকারি ক্লিনিকের রোগী ধরা দালালি করে আসছে। হাসপাতাল এলাকায় গিয়ে অনেকেই তাদের হাতে নাজেহাল হয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে গেলেই গডফাদারদের ফোন সক্রিয় হয়ে ওঠে।
মাদক সেবনের দায়ে সে একাধিকবার জেলে গেছে। তিন বছর আগে কুঞ্জবন স্কুলে খাজুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশে থানা পুলিশ জিয়াসহ কয়েকজনকে হাজির করে পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করায়। সমাবেশে তারা আর মাদক সেবন করবেনা বলে অঙ্গীকার করে। মাদক সেবন বাদ দেয়ায় পুরষ্কার হিসাবে থানা পুলিশ গত ঈদে তাদেরকে আর্থিক সহায়তাও দেয়।