নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানাধীন তল্লা এলাকার সবুজবাগে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল আজিজ (৪০)।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৩২ জন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় মারা যান আবদুল আজিজ। এই ঘটনায় অগ্নিদগ্ধ আর চারজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলেও তিনি জানান।
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লা থানাধীন তল্লা এলাকার ওই মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি দগ্ধ হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হলো।
তিতাসের তদন্ত দল জানায়, গ্যাসের লাইনে ছিদ্র থাকায় মসজিদের নিচে ফাঁকা অংশে গ্যাস জমেছিল। বিপুল পরিমাণ জমে থাকা গ্যাসের কারণেই নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।